• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ

দখিনের সময়
প্রকাশিত মে ২৩, ২০২৫, ২০:০০ অপরাহ্ণ
লালমোহনে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ
দখিনের সময় ডেস্ক:
ভোলার লালমোহনে পারিবারিক কলহের জেরে মোসা. উম্মে হাবিবা (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) সকালে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাদের বকসি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাবিবা ওই বাড়ির মো. শাকিলের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্বামী-স্ত্রী একসঙ্গে নাশতা করার পর শাকিল বাড়ি থেকে বের হয়ে যান। কিছুক্ষণ পর শাশুড়ির সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন হাবিবা। এরপর দীর্ঘ সময় ঘরের দরজা-জানালা বন্ধ দেখে স্বজনরা উঁকি দিয়ে হাবিবাকে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন।
স্থানীয়দের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশকে খবর দেওয়া হয়। পরে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও জানান, বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।