দখিনের সময় ডেস্ক:
চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠকের পর পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের জানালেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং অন্য উপদেষ্টারা কেউই পদত্যাগ করছেন না। বরং তারা সবাই মিলে দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ। শনিবার (২৪ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত এক অনির্ধারিত বৈঠকের পর তিনি বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে আছেন। তিনি কোথাও বলেননি যে তিনি পদত্যাগ করবেন। আমরাও দায়িত্ব পালনের জন্যই এসেছি।”
পরিকল্পনা উপদেষ্টা আরও জানান, “আমরা কাজ করতে গিয়ে কিছু প্রতিবন্ধকতার মুখে পড়ছি, সেগুলো আমরা চিহ্নিত করেছি। এখন সেসব সমাধানের মাধ্যমে আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করব।” তার এই বক্তব্যের মধ্য দিয়ে সম্প্রতি ছড়িয়ে পড়া নানা গুঞ্জনের অবসান হলো। উপদেষ্টারা তাদের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন না বরং পরিস্থিতি সামাল দিয়ে এগিয়ে যেতে প্রস্তুত বলেই ইঙ্গিত মিলেছে।
এর আগে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে দুপুর ১২টা ২০ মিনিটে উপদেষ্টা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ও ১৯ জন উপদেষ্টা। একনেক সভায় ১০টি প্রকল্প অনুমোদনের পর সভাস্থল থেকে মন্ত্রিপরিষদ সচিব, পরিকল্পনা সচিবসহ সরকারি কর্মকর্তারা বেরিয়ে গেলে শুরু হয় শুধুমাত্র উপদেষ্টাদের অংশগ্রহণে এ বৈঠক। রাজনৈতিক টানাপোড়েনের মাঝেও সরকার পরিচালনায় উপদেষ্টাদের ঐক্যবদ্ধ অবস্থান এখন এক গুরুত্বপূর্ণ বার্তা হয়ে উঠেছে।