• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

“নির্বাচন হবে ঠিক সময়েই”— বিদেশি চাপে নেই সরকার

দখিনের সময়
প্রকাশিত মে ২৫, ২০২৫, ১৫:১০ অপরাহ্ণ
“নির্বাচন হবে ঠিক সময়েই”— বিদেশি চাপে নেই সরকার
দখিনের সময় ডেস্ক:
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচন নিয়ে সরকার কোনো বিদেশি চাপের মুখে নেই এবং নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার (২৫ মে) ক্যাপিটাল মার্কেট সাংবাদিক ফোরামের আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার শুধুই নির্বাচন দেওয়ার জন্য গঠিত হয়নি; বরং এই সরকার নির্বাচন ছাড়াও গুরুত্বপূর্ণ সংস্কারমূলক কাজ করবে। তিনি দাবি করেন, আগের অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমান সরকারের ওপর জনগণের ম্যান্ডেট অনেক বেশি।
প্রেস সচিব আরও জানান, গত শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘এক কথার মানুষ’ হিসেবে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানান, আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন হবে। এ সময় তিনি অর্থ পাচার ইস্যুতেও সরকারের কঠোর অবস্থান তুলে ধরেন। বলেন, “ড. ইউনূস প্রতি মাসে মানি লন্ডারিং নিয়ে বৈঠক করেন, এ কারণেই বিদেশে সম্পত্তি ক্রোক হচ্ছে।” পাশাপাশি চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, “বন্দর কাউকে দেওয়া হচ্ছে না, বরং বড় কোম্পানির কার্যকর অংশগ্রহণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
পুঁজিবাজার ও সামষ্টিক অর্থনীতির প্রসঙ্গ টেনে শফিকুল আলম বলেন, “পূর্ববর্তী সময়ের অনেক অর্থনৈতিক অঞ্চল এখন ব্যবহারহীন হয়ে পড়েছে। সে অবস্থার উন্নয়ন এবং পোর্ট কার্যকারিতা বৃদ্ধির জন্য কাজ করছে সরকার।” তিনি ডলার সংকটের কথা নাকচ করে বলেন, বর্তমানে দেশে ডলারের সংকট নেই এবং শেয়ারবাজার সংস্কারে সরকার আন্তরিক। আগের মতো কোনো ‘ডাকাতদের আড্ডা’ নয়, বরং টেকসই সংস্কারই এখন সরকারের লক্ষ্য। কর আদায় বাড়িয়ে সামাজিক খাতে ব্যয় বৃদ্ধির পরিকল্পনাও সরকারের রয়েছে বলে জানান তিনি।