• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নদীতে বাঁধা জীবনের ইতি

দখিনের সময়
প্রকাশিত মে ২৭, ২০২৫, ১৮:২৩ অপরাহ্ণ
নদীতে বাঁধা জীবনের ইতি
দখিনের সময় ডেস্ক:
পটুয়াখালীর কলাপাড়ায় মাছ ধরতে গিয়ে এক নারী জেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের আরপাঙ্গাশিয়া নদী থেকে রওশানারা বেগম (৪৫) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি দ্বিত্তা আবাসনের কাছেম হাওলাদারের স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, সোমবার (২৬ মে) বিকেল চারটার দিকে প্রতিদিনের মতো নদীতে মাছ ধরতে গিয়েছিলেন রওশানারা। কিন্তু রাতে আর ঘরে ফেরেননি তিনি। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে নদীর তীরে জাল টানতেই তার নিথর দেহ ভেসে ওঠে। তখন দেখা যায়, তার হাতে এখনো বাঁধা ছিলো জালের দড়ি।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, “মৃত্যুর সঠিক কারণ জানার চেষ্টা চলছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।” স্থানীয়দের অনেকে ধারণা করছেন, জালে পা বা হাত আটকে যাওয়ার কারণে পানিতে ডুবে যেতে পারেন রওশানারা। তবে ঠিক কীভাবে মৃত্যু হলো, তা নিয়ে পরিবার ও এলাকাবাসীর মনে সন্দেহ রয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।