• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইনের বাইরে নয় কেউই: শফিকুল আলম

দখিনের সময়
প্রকাশিত মে ২৭, ২০২৫, ১৮:২৫ অপরাহ্ণ
আইনের বাইরে নয় কেউই: শফিকুল আলম
দখিনের সময় ডেস্ক:
প্রজাতন্ত্রের কর্মচারীরা দেশের প্রচলিত আইন ও বিধিবিধান মেনেই চলবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (২৭ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “সরকারি চাকরিজীবীদের যদি কোনো যৌক্তিক দাবি থাকে, তারা তা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সচিবদের কমিটির কাছে উপস্থাপন করতে পারেন। তবে আমরা দৃঢ়ভাবে আশা করি, প্রজাতন্ত্রের কর্মীরা দেশের নিয়মকানুন মেনে চলতেই বাধ্য থাকবেন।”
সম্প্রতি সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাস্তবায়ন নিয়ে সচিবালয়সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। চাকরি নিরাপত্তা, পদোন্নতি ও অন্যান্য প্রশাসনিক সুবিধা পুনর্বিন্যাসের বিষয়টিকে কেন্দ্র করে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম গত শনিবার (২৪ মে) থেকে আন্দোলনে নেমেছে। এর প্রেক্ষিতে সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং সাংবাদিকদের প্রবেশ সাময়িকভাবে স্থগিত রাখা হয়। আন্দোলনের চাপের মুখে আগামী বুধবারের পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে ফোরাম।
মঙ্গলবার দুপুরে ভূমিসচিব এ এস এম সালেহ আহমেদের নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত আসে। বৈঠক শেষে ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, “আলোচনা প্রক্রিয়া অব্যাহত থাকায় আপাতত কর্মসূচি স্থগিত রাখা হয়েছে।” অন্যদিকে ভূমিসচিব সালেহ আহমেদ জানান, আন্দোলনকারীদের দাবিসমূহ বুধবার (২৮ মে) মন্ত্রিপরিষদ সচিবের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে। সরকার আশা করছে, আলোচনার মাধ্যমেই এই অস্থিরতা কাটিয়ে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হবে।