• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টোকিওতে ইউনূস, এশিয়া ফোরামে ব্যস্ত সূচি

দখিনের সময়
প্রকাশিত মে ২৮, ২০২৫, ১৭:৩৩ অপরাহ্ণ
টোকিওতে ইউনূস, এশিয়া ফোরামে ব্যস্ত সূচি
দখিনের সময় ডেস্ক:
চার দিনের সরকারি সফরে জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। হংকংয়ে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে বুধবার (২৮ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের ফ্লাইটে তিনি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন একাধিক মন্ত্রী ও প্রশাসনিক কর্মকর্তা। এ তথ্য নিশ্চিত করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা হন ড. ইউনূস ও তার সফরসঙ্গীরা। সফরকালে তিনি টোকিওতে আয়োজিত নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ৩১ মে তার দেশে ফেরার কথা রয়েছে। সফরের প্রতিটি মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে আঞ্চলিক সহযোগিতা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা।