• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে আমদানি বৃদ্ধির উদ্যোগ বাংলাদেশ সরকারের

দখিনের সময়
প্রকাশিত মে ২৯, ২০২৫, ১৯:৩৫ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে আমদানি বৃদ্ধির উদ্যোগ বাংলাদেশ সরকারের
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে আরও বেশি তুলা, তেল ও গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে। জাপানের টোকিওতে আয়োজিত ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনের ফাঁকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ কথা বলেন। তিনি জানান, ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য আলোচনার ক্ষেত্রে এটি একটি কৌশলগত প্রস্তাব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য ঘাটতি হ্রাসে গুরুত্ব দিচ্ছেন, আর সেই জায়গা থেকেই বাংলাদেশ মার্কিন পণ্যের প্রতি আগ্রহ দেখাচ্ছে। মধ্য এশিয়া ও ভারতের তুলায় যুক্তরাষ্ট্র থেকে তুলা কেনা হলে ঘাটতি অনেকটাই কমে আসবে বলে মনে করেন তিনি।
বাংলাদেশ প্রতিবছর প্রায় ৭৯০ কোটি ডলারের তুলা আমদানি করে, যার বড় অংশ আসে উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান থেকে। অথচ ২০২৩ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি হয় মাত্র ৩৬ কোটি ডলারের। এই পরিসংখ্যানই স্পষ্ট করে যে মার্কিন তুলার প্রতি আগ্রহ বাড়ানোর সুযোগ রয়েছে। ড. ইউনূস বলেন, “আমেরিকার কটন বেল্টের রাজনীতিকদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা হলে তারা কংগ্রেস ও সিনেটে আমাদের পক্ষে অবস্থান নিতে পারেন। এতে রাজনৈতিকভাবে আমরা কিছু সুবিধাও পেতে পারি।”
শুধু তুলাই নয়, জ্বালানিও রয়েছে আলোচনার কেন্দ্রে। যদিও বর্তমানে বাংলাদেশ মূলত মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানি করে, তবু যুক্তরাষ্ট্রকেও সম্ভাব্য জ্বালানি সরবরাহকারী হিসেবে বিবেচনা করছে সরকার। ড. ইউনূস বলেন, “বাণিজ্য আলোচনার সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি, তবে আমরা এটাকে হুমকি হিসেবে নয় বরং সম্ভাবনা হিসেবে দেখছি।” আগামী দিনে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে কৌশলগত সম্পর্ক মজবুত করার দিকে মনোযোগী হচ্ছে বাংলাদেশ।