• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুইমারায় অবৈধ চাঁদাবাজি: শ্রমিক দলের দুই নেতা সেনাবাহিনীর অভিযানে আটক

দখিনের সময়
প্রকাশিত মে ২৯, ২০২৫, ২০:৪১ অপরাহ্ণ
গুইমারায় অবৈধ চাঁদাবাজি: শ্রমিক দলের দুই নেতা সেনাবাহিনীর অভিযানে আটক
দখিনের সময় ডেস্ক:
খাগড়াছড়ির গুইমারায় শ্রমিক সংগঠনের নাম ব্যবহার করে সড়কে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগে উপজেলা শ্রমিক দলের দুই নেতাকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে জালিয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও চাঁদার রশিদ বইসহ তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন মো. শাইয়েন কাদির। আটকরা হলেন গুইমারা উপজেলার হাফছড়ি এলাকার মো. খলিলুর রহমান (৪৭) ও মো. আবু সায়েদ (৪৫), যাদের উভয়েই শ্রমিক দলের সদস্য।
স্থানীয়রা জানান, গুইমারার অন্তত পাঁচটি পয়েন্টে বিভিন্ন নামসর্বস্ব সমিতির ব্যানারে চাঁদা তোলা হতো। এসব স্থানে দিনে কিংবা রাতে কাঠ, বাঁশ, বালু, ইট কিংবা অন্যান্য মালবাহী ট্রাক থেকে নিয়মিত চাঁদা আদায় করা হতো, যার পরিমাণ ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। চালকরা চাঁদা না দিলে গাড়ি আটকে দেওয়ার অভিযোগও রয়েছে। একজন ট্রাকচালক বলেন, “প্রতিদিন রাস্তায় চাঁদা না দিলে গাড়ি ছাড়ে না, প্রশাসনকেও জানিয়েছি, কিন্তু ফল হয়নি।” জানা যায়, খাগড়াছড়ি থেকে বারইয়ারহাট পর্যন্ত একটি পিকআপে ৮ হাজার টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়।
অভিযানের বিষয়ে পেট্রোল কমান্ডার ক্যাপ্টেন মো. শাইয়েন কাদির বলেন, “চাঁদা তোলার সময় দুই জনকে হাতেনাতে আটক করেছি, এমন অভিযান আরও চলবে।” পরে তাদের গুইমারা থানায় হস্তান্তর করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী জানান, “আটকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। চাঁদাবাজির বিরুদ্ধে গুইমারায় সেনা ও পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”