• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ যাত্রা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের নির্দেশনা

দখিনের সময়
প্রকাশিত মে ২৯, ২০২৫, ২০:৪৫ অপরাহ্ণ
ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ যাত্রা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের নির্দেশনা
দখিনের সময় ডেস্ক:
পবিত্র ঈদুল আজহা ঘিরে দেশের মানুষ যখন বাড়ির পথ ধরছেন, ঠিক তখনই যাত্রা নিরাপদ করতে নাগরিকদের জন্য একগুচ্ছ গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ। ঈদের ভ্রমণ নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করতে বৃহস্পতিবার (২৯ মে) পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব পরামর্শ জানানো হয়। এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঘরমুখো মানুষের প্রতি বিশেষভাবে নিরাপদ ভ্রমণের আহ্বান জানানো হয়।
পুলিশ জানায়, ঈদের আগে-পরে পর্যাপ্ত সময় নিয়ে যাত্রার পরিকল্পনা করলে বাস, ট্রেন, লঞ্চ বা ফেরিঘাটে শেষ মুহূর্তের ভিড় এড়িয়ে যাওয়া সম্ভব। পাশাপাশি যাত্রাপথে নিরাপত্তার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখার আহ্বান জানানো হয়। এর মধ্যে রয়েছে—অপরিচিত কারও সঙ্গে শেয়ার রাইডে না উঠা, অচেনা ব্যক্তির দেওয়া খাবার গ্রহণ না করা, ছাদে বা পণ্যবাহী ট্রাকে ঝুঁকিপূর্ণ ভ্রমণ না করা এবং মলম ও অজ্ঞান পার্টির প্রতারণা থেকে সতর্ক থাকা। সন্দেহজনক কোনো ব্যক্তি বা ঘটনা দেখলে তাৎক্ষণিকভাবে ৯৯৯-এ কল দিতে বলা হয়েছে।
কোরবানির পশুবাহী যানবাহনে অতিরিক্ত পশু বোঝাই না করার অনুরোধ করা হয়েছে। মহাসড়কের ওপর বা রেললাইনের পাশে কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না। হাটে নির্ধারিত হারে হাসিল পরিশোধ করতে হবে এবং অতিরিক্ত চাঁদা দাবি করা হলে পুলিশকে জানাতে বলা হয়েছে। সন্দেহজনকভাবে চামড়াবাহী গাড়ি সীমান্তমুখী হলে পাচারের সম্ভাবনা থেকে পুলিশকে জানাতে বলা হয়েছে। বড় অঙ্কের নগদ অর্থ বহনে মানি এস্কর্ট চাওয়ার পরামর্শও দেওয়া হয়। এছাড়া জাল টাকা ও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহারেও সতর্ক থাকতে বলা হয়।
যেকোনো বিপদে যোগাযোগের জন্য পুলিশ হেডকোয়ার্টারস, হাইওয়ে, রেলওয়ে, নৌ পুলিশ ও র‍্যাবের জরুরি নম্বর তালিকাও দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঈদে যাত্রা নিরাপদ রাখতে সব ধরনের প্রযুক্তি ব্যবহার ও মনিটরিং জোরদার থাকবে। এসময় সবাইকে আইন মেনে চলা এবং যাত্রা নিরাপদ রাখতে নিজ দায়িত্বে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।