• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীদের জ্ঞান ও অংশগ্রহণ চাইলেন প্রধান উপদেষ্টা দেশের পুনর্গঠনে

দখিনের সময়
প্রকাশিত মে ৩০, ২০২৫, ১৭:১৮ অপরাহ্ণ
প্রবাসীদের জ্ঞান ও অংশগ্রহণ চাইলেন প্রধান উপদেষ্টা দেশের পুনর্গঠনে
দখিনের সময় ডেস্ক:
টোকিওতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে দেশের অর্থনৈতিক পুনর্গঠনে সহায়তার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৩০ মে) বিকেলে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, “সাবেক সরকার ব্যাংক ও কোষাগার শূন্য করে দিয়ে গেছে, কিন্তু আমরা থেমে নেই। অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। এই পুনর্গঠনের যাত্রায় প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
প্রধান উপদেষ্টা বলেন, “আপনারা বিদেশে যে জ্ঞান, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা অর্জন করেছেন, তা দেশ মেরামতের কাজে লাগানোর এখনই উপযুক্ত সময়।” তিনি জানান, সরকার জনশক্তি রফতানিতে সচেতনভাবে কাজ করছে এবং বিশেষ করে জাপানে বাংলাদেশি কর্মীদের সংখ্যা বাড়াতে নতুন পদক্ষেপ নেওয়া হবে। নাগরিক সুবিধা বৃদ্ধি এবং ঘরে বসেই সরকারি সেবা গ্রহণের জন্য ডিজিটাল ব্যবস্থাকে আরও শক্তিশালী করার কথাও জানান তিনি।
মতবিনিময় সভায় ড. ইউনূস প্রবাসীদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং তা সমাধানে আন্তরিক প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “দেশ গড়ার এই সংকটকালীন মুহূর্তে প্রবাসীদের অংশগ্রহণ শুধু কাম্য নয়, অত্যাবশ্যক।” একইসঙ্গে তিনি প্রবাসীদের উদ্দেশে আহ্বান জানান— “বিদেশে থাকলেও দেশের জন্য ভাবুন, কাজ করুন। কারণ এই দেশ আমাদের সবার।”