• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা পেলেন ড. ইউনূস

দখিনের সময়
প্রকাশিত মে ৩০, ২০২৫, ১৭:৩৯ অপরাহ্ণ
সোকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা পেলেন ড. ইউনূস
দখিনের সময় ডেস্ক:
জাপানের সোকা বিশ্ববিদ্যালয় সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি-লিট) ডিগ্রি প্রদান করেছে। শুক্রবার (৩০ মে) টোকিওতে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সম্মাননা প্রদান করে। সোকা কর্তৃপক্ষ জানায়, বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণে মাইক্রোক্রেডিট ধারণার প্রবর্তন ও সামাজিক ব্যবসার মাধ্যমে টেকসই উন্নয়ন চর্চায় তাঁর অবদান অনুসরণযোগ্য উদাহরণ হিসেবে বিবেচিত।
সম্মাননা গ্রহণের পর দেওয়া বক্তব্যে ড. ইউনূস বলেন, “শুধু মুনাফাভিত্তিক কাঠামো দিয়ে সমাজ টেকসই করা যায় না। এমন এক পৃথিবী গড়তে হবে, যেখানে মানুষের সৃজনশীলতা, সহমর্মিতা ও মানবিকতা হবে উন্নয়নের মূল চালিকাশক্তি।” তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে একটি মানবিক বিশ্ব গঠনের দৃষ্টিভঙ্গিতে, যেখানে অর্থনৈতিক উন্নয়ন কেবল ধনীকেন্দ্রিক নয় বরং অন্তর্ভুক্তিমূলক ও মানবমুখী হবে।
এদিন ড. ইউনূস টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। বৈঠকে শিক্ষা, অবকাঠামো এবং আর্থিক সহায়তা-সংক্রান্ত ছয়টি সমঝোতা স্মারকে সই হয়। জাপান বাংলাদেশকে বাজেট সহায়তা হিসেবে একটি বড় প্যাকেজ ঘোষণা করে, যার মধ্যে রেলপথ উন্নয়নের জন্য ১.০৬৩ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা অন্তর্ভুক্ত। এই সফরকে দুই দেশের ভবিষ্যৎ অংশীদারত্বের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।