• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বাংলাদেশের অভিযানে জাপানের অব্যাহত সহযোগিতা চাইলেন ড. ইউনূস

দখিনের সময়
প্রকাশিত মে ৩০, ২০২৫, ১৭:৫৪ অপরাহ্ণ
নতুন বাংলাদেশের অভিযানে জাপানের অব্যাহত সহযোগিতা চাইলেন ড. ইউনূস
দখিনের সময় ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, একটি ভালো বন্ধু কঠিন সময়েই চিনে আসে—আর সেই পরীক্ষায় জাপান উত্তীর্ণ হয়েছে। টোকিওতে জেট্রো ও জাইকার আয়োজনে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিজনেস সেমিনারে’ তিনি বলেন, “বাংলাদেশ ভয়াবহ রাজনৈতিক ভূমিকম্পের মধ্য দিয়ে গেছে। আমরা এখন ধ্বংসস্তূপ থেকে একটি নতুন বাংলাদেশ নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। এই অসম্ভবকে সম্ভব করতে আমাদের পাশে চাই সত্যিকারের বন্ধুকে—এবং জাপান সে ভূমিকায় শুরু থেকেই রয়েছে।”
ড. ইউনূস বলেন, “আমরা এখন যা করছি তা শুধু অর্থনীতিকে পুনরুদ্ধার করা নয়, বরং মানুষের জীবন বদলে দেওয়ার লড়াই। মাতারবাড়ি উন্নয়নে জাপানের সহায়তা তার উদাহরণ। এটি শুধু একক প্রকল্প নয়, বরং বাংলাদেশকে আঞ্চলিক কানেকটিভিটির কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।” তিনি জানান, বাংলাদেশের ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোকে সমুদ্রপথে যুক্ত করা সম্ভব। এ লক্ষ্যে মাতারবাড়িকে “বিশ্বের দরজা” হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
জাপানের পার্লামেন্টারি ভাইস মিনিস্টার তাকেউচি শিনজি এ সময় বলেন, বাংলাদেশ এখন এশিয়ার জন্য একটি কৌশলগত কেন্দ্রবিন্দু। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে এই অঞ্চল জাপানের জন্য দীর্ঘমেয়াদি বিনিয়োগের সম্ভাবনার দুয়ার খুলছে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রেস সচিব শফিকুল আলম এবং রাষ্ট্রদূত মো. দাউদ আলী। সেমিনারে ড. ইউনূস জাপানি কোম্পানিগুলোকে শুধু টেক্সটাইল নয়, বরং প্রযুক্তি, পরিবেশ ও উদ্ভাবনী খাতেও বিনিয়োগ বৈচিত্র্য আনার আহ্বান জানান।