• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাপান সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা

দখিনের সময়
প্রকাশিত মে ৩১, ২০২৫, ১৭:৩২ অপরাহ্ণ
জাপান সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা
দখিনের সময় ডেস্ক:
চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে জাপান থেকে ঢাকার পথে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ মে) স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে টোকিওর হানেদা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
জাপান সফরে ড. ইউনূস দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। ওই বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে ৬টি সমঝোতা স্মারকে সই হয়। পাশাপাশি জাপান বাংলাদেশকে বাজেট সহায়তা এবং রেল যোগাযোগ উন্নয়নে ১.০৬৩ বিলিয়ন ডলারের অর্থায়নের ঘোষণা দেয়। সফরের মূল লক্ষ্য ছিল কৌশলগত সম্পর্ক জোরদার করা এবং আর্থিক সহযোগিতা নিশ্চিত করা।
এর আগে, মঙ্গলবার (২৭ মে) মধ্যরাতে ড. ইউনূস ও তার সফরসঙ্গীরা ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা হন। চার দিনের এই সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হিসেবে দেখছে পররাষ্ট্র বিশ্লেষকরা।