• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীদের জন্য হাসপাতাল নির্মাণ করা হবে জানালেন আসিফ নজরুল 

দখিনের সময়
প্রকাশিত মে ৩১, ২০২৫, ১৭:৪৮ অপরাহ্ণ
প্রবাসীদের জন্য হাসপাতাল নির্মাণ করা হবে জানালেন আসিফ নজরুল 
দখিনের সময় ডেস্ক:
প্রবাসীরা দেশে ফিরে সঠিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন—এমন মন্তব্য করে তাদের কল্যাণে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের ঘোষণা দিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার (৩১ মে) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন কোর্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “প্রবাসীদের অর্থেই দেশে তাদের জন্য একটি হাসপাতাল গড়ে তোলা হবে, যেন তারা উন্নত ও সম্মানজনক চিকিৎসা পান।” এ সময় তিনি আরও বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো টাঙ্গাইলে চালু হওয়া এই স্কিল ট্রেড কার্যক্রম শিক্ষার্থীদের বিদেশে ভালো চাকরি পাওয়ার সুযোগ তৈরি করবে। দক্ষতা অর্জনই ভবিষ্যতের চাবিকাঠি—এমন ধারণা তুলে ধরেন তিনি।
সরকারের প্রবাসীবান্ধব বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন উপদেষ্টা। তিনি জানান, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ঋণ প্রদান করা হচ্ছে, যা প্রবাসীদের ব্যবসা বা বিদেশযাত্রার জন্য সহায়ক হবে। জাপানসহ বিভিন্ন দেশে জনবল পাঠাতে সরকারের উদ্যোগ চলমান রয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমাদ মোজাফফর, টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।