• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড ঘোষণা, ফিরলেন লিওনেল মেসি

দখিনের সময়
প্রকাশিত মে ৩১, ২০২৫, ১৭:৫৫ অপরাহ্ণ
আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড ঘোষণা, ফিরলেন লিওনেল মেসি
দখিনের সময় ডেস্ক:
২০২৬ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করলেও বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ এখনো বাকি আর্জেন্টিনার। সেই উপলক্ষে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে দুই ম্যাচের জন্য ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে এবারের স্কোয়াড ঘোষণায় ছিল ব্যতিক্রমী চমক—খেলোয়াড়দের নাম ঘোষণা করেছেন সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বাহিয়া ব্লাঙ্কা শহরের সাধারণ মানুষ। তাদের মুখে উচ্চারিত হলো আর্জেন্টিনার বিশ্বচ্যাম্পিয়ন স্কোয়াডের নাম।
গত মার্চে বন্যায় বিধ্বস্ত হয় বাহিয়া ব্লাঙ্কা। প্রাণহানি ঘটে অন্তত ১৬ জনের, বাস্তুচ্যুত হন বহু মানুষ। তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই অভিনব এই উদ্যোগ নেয় এএফএ। শহরের নানা বয়সী, নানা পেশার মানুষ—শ্রমিক, শিশু, শিক্ষার্থী কিংবা প্রবীণ—নিজ নিজ কণ্ঠে উচ্চারণ করেন দলের সদস্যদের নাম। এর মাধ্যমে ফুটবল ও মানবতার এক অভূতপূর্ব মিলন ঘটায় আর্জেন্টিনার ফুটবল বোর্ড।
ঘোষিত স্কোয়াডে ফিরেছেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। এছাড়া দলে আছেন এমিলিয়ানো মার্টিনেজ, ওতামেন্ডি, লাউতারো, আলভারেজ, ডি পল, লো সেলসোসহ নিয়মিত মুখগুলো। ৬ জুন চিলির বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি অনুষ্ঠিত হবে ন্যাশনাল জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে। এরপর ১১ জুন বুয়েনস আইরেসের মাস মনুমেন্তালে কলম্বিয়ার বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। দুই ম্যাচের আগেই মানবিকতার ছোঁয়ায় মাঠের বাইরেই যেন জয় ছিনিয়ে নিয়েছে স্কালোনির দল।