• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি বছরের ন্যূনতম আয়কর ৫ হাজার টাকা

দখিনের সময়
প্রকাশিত মে ৩১, ২০২৫, ১৮:০৯ অপরাহ্ণ
চলতি বছরের ন্যূনতম আয়কর ৫ হাজার টাকা
দখিনের সময় ডেস্ক:
চলতি অর্থবছরের বাজেটে আয়করের ক্ষেত্রে বড় ধরনের সংস্কারের পথে হাঁটছে সরকার। প্রস্তাবিত পরিবর্তনের সংখ্যা প্রায় ৫০টি, যার ফলে রাজস্ব আহরণে গতি আসবে এবং করদাতারা নতুন কাঠামো সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন বলে আশা করা হচ্ছে। সাধারণ করদাতাদের জন্য ন্যূনতম আয়কর ৫ হাজার এবং নতুন করদাতাদের জন্য ১ হাজার টাকা নির্ধারণের কথা ভাবা হচ্ছে। ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে পৌনে ৪ লাখ টাকা এবং মুক্তিযোদ্ধাদের জন্য সোয়া ৫ লাখ টাকার প্রস্তাব রয়েছে। এছাড়া, বিদ্যমান কর স্ল্যাব সরিয়ে দিয়ে ১০ থেকে ৩০ শতাংশ হারে নতুন করহার চালুর কথা রয়েছে।
কৃষি খাতেও পরিবর্তন আসছে। যেসব কৃষকের বার্ষিক আয় ৫ লাখ টাকার বেশি, তাদের আয়করের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। কৃষিপণ্য সরবরাহে উৎস কর হ্রাসের প্রস্তাব দেওয়া হয়েছে। ভাইবোনদের মধ্যে সম্পদ হস্তান্তর করমুক্ত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। অতিরিক্ত করের পরিমাণ ভবিষ্যৎ করবর্ষে সমন্বয়ের সুযোগ রাখার কথাও বলা হচ্ছে। ব্রোকারেজ হাউজের উৎস কর কমানোসহ মোবাইল অপারেটরদের টার্নওভার কর দেড় শতাংশ এবং ইন্টারনেট সেবায় ৫ শতাংশ করারোপের চিন্তা করা হচ্ছে।
এছাড়া আয়কর রিটার্ন জমার প্রমাণ বাধ্যতামূলক নয় এমন ১২টি সেবা নির্ধারণের প্রস্তাব রয়েছে। আমদানি পর্যায়ে ১৫২টি পণ্যে অগ্রিম আয়কর ধার্যের পরিকল্পনা রয়েছে এবং জমি বিক্রিতে ১৩ শতাংশ ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপের চিন্তা করা হচ্ছে। বর্তমানে দেশে ১ কোটি ১৫ লাখের বেশি টিআইএনধারী থাকলেও রিটার্ন জমা পড়ে মাত্র ৪৫ লাখের মতো, এই ব্যবধান কমিয়ে আনার লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সূত্র জানায়।