• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানে বাংলাদেশি কর্মী প্রেরণ ও বিনিয়োগ বৃদ্ধিতে অগ্রগতি: প্রেস সচিব

দখিনের সময়
প্রকাশিত জুন ১, ২০২৫, ১৭:০৮ অপরাহ্ণ
জাপানে বাংলাদেশি কর্মী প্রেরণ ও বিনিয়োগ বৃদ্ধিতে অগ্রগতি: প্রেস সচিব
দখিনের সময় ডেস্ক:
জাপান সফরের মাধ্যমে বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে দেশের অর্থনীতির গতি যেমন বাড়বে, তেমনি জাপানে জনশক্তি রপ্তানিরও বড় সুযোগ তৈরি হয়েছে। রোববার (১ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।
তিনি বলেন, মাতারবাড়ি প্রকল্পে জাপান বড় অঙ্কের অর্থায়ন করবে। ২৯ মিলিয়ন ডলারের মধ্যে বড় একটি অংশ তারা দেবে। এই প্রকল্পে মাস্টারপ্ল্যান বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে। সফরে জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং মেইন ইনভেস্টমেন্ট এজেন্সি ‘জেটপো’ ইতিবাচক সাড়া দিয়েছে। বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে পরিবেশ উন্নয়ন এবং যৌথ উদ্যোগে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ।
শফিকুল আলম আরও জানান, জাপান আগামী পাঁচ বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী। বিষয়টি নিয়ে ইতোমধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা হয়েছে। কর্মী নিয়োগ, প্রশিক্ষণ এবং ভিসা প্রক্রিয়া সহজ করতে সম্ভাব্য উদ্যোগ নিয়ে কাজ চলছে। জাপানের ম্যানপাওয়ার মার্কেটে বাংলাদেশিদের প্রবেশ আরও সহজ করতে দূতাবাস ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বয়ে থাকবে বলে জানান তিনি। প্রেস ব্রিফিংয়ে উপ-প্রেস সচিব আজাদ মজুমদার এবং সহকারী প্রেস সচিব আহমেদ ফয়েজ উপস্থিত ছিলেন।