• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্প-উৎপাদনখাতে চীনা বিনিয়োগ আহ্বান জানান প্রধান উপদেষ্টার

দখিনের সময়
প্রকাশিত জুন ১, ২০২৫, ১৭:৫০ অপরাহ্ণ
শিল্প-উৎপাদনখাতে চীনা বিনিয়োগ আহ্বান জানান প্রধান উপদেষ্টার
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাজধানীর মাল্টিপারপাস হলে আয়োজিত দিনব্যাপী চীন-বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন–এর উদ্বোধনী অনুষ্ঠানে রোববার (১ জুন) তিনি বলেন, “বাংলাদেশে তৈরি পোশাক, কৃষি, পাট, জ্বালানি ও আইটি খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। এসব খাতে আপনারা বিনিয়োগ করলে তা দুই দেশের অর্থনীতির জন্যই উপকারী হবে।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, “বাংলাদেশের ৫০ শতাংশ জনশক্তির বয়স ৩০ বছরের নিচে। এই তরুণরা দক্ষ, কর্মঠ এবং প্রস্তুত। তাদের উৎপাদনমুখী কাজে লাগিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক বিনিয়োগের কেন্দ্রবিন্দু বানানো সম্ভব।” তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশে পাঠানোর জন্য ধন্যবাদ জানান এবং বলেন, এটি দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
তিনি চীনা ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, “বাংলাদেশ এখন নতুন এক দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে। একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছে, যার লক্ষ্য একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গঠন। আপনারা এই পরিবর্তনের অংশ হোন।” একই সঙ্গে, তিনি তরুণ প্রজন্মকে প্রশিক্ষিত ও কর্মসংস্থানে যুক্ত করার ক্ষেত্রে চীনা বিনিয়োগকে বড় সুযোগ হিসেবে দেখার আহ্বান জানান।