• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসামি গ্রেফতারে পূর্বানুমতির বাধা প্রত্যাহার

দখিনের সময়
প্রকাশিত জুন ১, ২০২৫, ১৮:১৭ অপরাহ্ণ
আসামি গ্রেফতারে পূর্বানুমতির বাধা প্রত্যাহার

ছবি: সংগৃহীত

দখিনের সময় ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে দায়ের হওয়া মামলায় আসামিদের গ্রেফতারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতির শর্ত সংবলিত ডিএমপির অফিস আদেশের কার্যকারিতা স্থগিত রেখেছেন আপিল বিভাগ। রোববার (১ জুন) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ হাইকোর্টের দেওয়া পূর্বের স্থগিতাদেশ বহাল রাখেন। এর ফলে, এখন এই মামলায় আসামিদের গ্রেফতারে আর আলাদা করে উর্ধ্বতন মহলের অনুমতির প্রয়োজন পড়বে না।
৭ মে চেম্বার আদালত প্রথমে হাইকোর্টের স্থগিতাদেশকে বহাল রাখেন এবং বিষয়টি চূড়ান্ত শুনানির জন্য আপিল বিভাগে পাঠান। তার আগে, ২৩ এপ্রিল হাইকোর্ট তিন মাসের জন্য ডিএমপি কমিশনারের অফিস আদেশ স্থগিত করেন এবং এ আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না—জানতে চেয়ে রুলও জারি করেন। মামলাটিতে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন। রিটে চ্যালেঞ্জ করা হয় ৯ এপ্রিল জারি করা সেই অফিস আদেশ, যেখানে বলা হয়েছিল—বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট মামলায় আসামি গ্রেফতারে ভিডিও, সিডিআর, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যসহ নির্দিষ্ট প্রমাণ থাকতে হবে এবং তা অনুমোদনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
এই আদেশকে চ্যালেঞ্জ করে রিট আবেদনে বলা হয়, এটি সংবিধান ও ফৌজদারি বিচার ব্যবস্থার মৌল নীতির পরিপন্থী, যেখানে একটি মামলার তদন্তকারী সংস্থাকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা থাকা উচিত। আপিল বিভাগ এবার হাইকোর্টের যুক্তিকে সমর্থন দিয়ে বলেছে, অনুমতি ছাড়া আসামি গ্রেফতার না করার আদেশ এখনই কার্যকর নয়। আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আদালতে রিটের পক্ষে শুনানি করেন এবং বলেন, ‘এ ধরনের আদেশ মামলার স্বচ্ছতা ও গতিকে বাধাগ্রস্ত করে।’