• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরির নিয়োগে এনআইডি বাধ্যতামূলক হচ্ছে শিগগিরই

দখিনের সময়
প্রকাশিত জুন ৩, ২০২৫, ১৭:১৬ অপরাহ্ণ
চাকরির নিয়োগে এনআইডি বাধ্যতামূলক হচ্ছে শিগগিরই
দখিনের সময় ডেস্ক:
সব ধরনের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করতে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর মঙ্গলবার (৩ জুন) বিকেলে কমিশন ভবনে সাংবাদিকদের জানান, একাডেমিক তথ্য ও এনআইডির তথ্যের মধ্যে গরমিলের কারণে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে জটিলতা দেখা দিচ্ছে। অনেক ক্ষেত্রেই চাকরিপ্রার্থীদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা আটকে যাচ্ছে এসব সমস্যার কারণে।
তিনি বলেন, এনআইডি আইনে পরিষ্কারভাবে বলা আছে—সব প্রতিষ্ঠানকে জাতীয় পরিচয়পত্র যাচাই করে নিয়োগ নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে যেসব দপ্তরে এখনও এনআইডি যাচাই বাধ্যতামূলক করা হয়নি, তাদের দ্রুত এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এনআইডি উইং থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে এবং তথ্যভিত্তিক সমস্যা দ্রুত সমাধানে কাজ চলছে বলেও তিনি উল্লেখ করেন।
এ ছাড়া নতুন একটি দিক তুলে ধরে হুমায়ুন কবীর জানান, চলতি বছরের ১৫ জুলাই থেকে জাপানে বসবাসরত বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কাজ শুরু হবে। জাপান হতে যাচ্ছে বিশ্বের নবম দেশ, যেখানে বাংলাদেশি প্রবাসীরা ইসির অধীনে প্রবাসী ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন। নির্বাচন কমিশনের লক্ষ্য, এনআইডি ব্যবস্থাকে আরও আধুনিক ও বাধ্যতামূলক করে রাষ্ট্রীয় সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।