• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় বাজেটে বৈষম্য নিরসনে ব্যর্থতার অভিযোগ জানালেন নাহিদ ইসলাম

দখিনের সময়
প্রকাশিত জুন ৩, ২০২৫, ১৭:২২ অপরাহ্ণ
জাতীয় বাজেটে বৈষম্য নিরসনে ব্যর্থতার অভিযোগ জানালেন নাহিদ ইসলাম
দখিনের সময় ডেস্ক:
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আয়ের বৈষম্য, কর ফাঁকি এবং ধনী-গরিবের ব্যবধান কমানোর ক্ষেত্রে কার্যকর কোনো উদ্যোগ না থাকায় হতাশা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট বাস্তবসম্মত সমাধানের বদলে পুরনো সমস্যাগুলোকেই টেনে এনেছে। মঙ্গলবার (৩ জুন) রাজধানীর বাংলা মোটরে রূপায়ন টাওয়ারে এক প্রতিক্রিয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, বাজেটে বড় কর ফাঁকিবাজদের রোধে কোনো দৃশ্যমান কৌশল নেই। বরং করের বোঝা মধ্যবিত্ত ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ওপর চাপানো হয়েছে। ই-কমার্স খাতে কর বৃদ্ধি ও দেশীয় শিল্পের প্রতি অবহেলারও সমালোচনা করেন তিনি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট কমানোর সিদ্ধান্তকে অবিবেচনাপ্রসূত বলে আখ্যা দেন। একই সঙ্গে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখাকে অন্যায্য উল্লেখ করে তা বাতিলের আহ্বান জানান তিনি।
বাজেট বিষয়ে দলের মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারী বলেন, অর্থনৈতিক ন্যায্যতার দিকটি উপেক্ষিত হয়েছে। বড় করদাতা ও প্রভাবশালী শ্রেণিকে দায়মুক্তি দিয়ে সাধারণ জনগণের ওপর বোঝা চাপানো হয়েছে। তবে জুলাই অভ্যুত্থানে আহতদের জন্য বাজেটে বরাদ্দ রাখাকে স্বাগত জানিয়ে তিনি এর যথাযথ ব্যবহার নিশ্চিত করার দাবি জানান। এনসিপির মতে, একটি সংকটময় অর্থনৈতিক প্রেক্ষাপটে এই বাজেট সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ।