• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিজীবীদের জন্য বাড়ছে প্রণোদনা

দখিনের সময়
প্রকাশিত জুন ৩, ২০২৫, ১৮:০৭ অপরাহ্ণ
সরকারি চাকরিজীবীদের জন্য বাড়ছে প্রণোদনা
দখিনের সময় ডেস্ক:
আসছে জুলাই মাস থেকেই বাড়তে চলেছে সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা। বর্তমানে যে হার ৫ শতাংশ, তা বাড়িয়ে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মীদের জন্য ১৫ শতাংশ এবং ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১০ শতাংশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই তথ্য মঙ্গলবার (৩ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যক্তিগত ফেসবুক পোস্ট থেকে জানা যায়।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় বলেন, প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। এর মধ্যে ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা পরিচালনসহ অন্যান্য খাতে এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ থাকছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। তিনি জানান, ২০১৫ সালের পর আর কোনো নতুন বেতন কাঠামো বাস্তবায়ন না হওয়ায় সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত বিশেষ সুবিধা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
তবে বাজেটে প্রত্যাশিত মহার্ঘ ভাতা বা নতুন বেতন কাঠামো সম্পর্কে কিছু বলা হয়নি। বাজেট ঘোষণার আগে অনেকেই ধারণা করেছিলেন, গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা নির্ধারণ করা হবে। কিন্তু বাজেট বক্তৃতায় এ বিষয়ে কোনো ঘোষণা আসেনি, যা কিছুটা হতাশা তৈরি করেছে কর্মকর্তাদের মাঝে। তবু প্রণোদনার এই বাড়তি সুবিধা অনেকের কাছে স্বস্তির বার্তা হিসেবেই ধরা দিচ্ছে।