• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টি পড়লেও দূষণ কমেনি ঢাকায়

দখিনের সময়
প্রকাশিত জুন ৫, ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ণ
বৃষ্টি পড়লেও দূষণ কমেনি ঢাকায়
দখিনের সময় ডেস্ক:
বিশ্বের বহু শহরের মতোই ঢাকার বাতাস দীর্ঘদিন ধরে দূষণের শিকার। সাম্প্রতিক সময়ে একাধিক বৃষ্টির পর অনেকেই ভেবেছিলেন, এবার বুঝি কিছুটা স্বস্তি মিলবে। তবে বাস্তবতা ভিন্ন। বৃষ্টির মধ্যেও ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি খুব একটা বদলায়নি। বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৭টা ৩৬ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্যমতে, ঢাকার একিউআই স্কোর ছিল ৬৯—যা ‘মাঝারি’ ক্যাটাগরিতে পড়ে।
একই সময় বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল সেনেগালের রাজধানী ডাকার, যেখানে একিউআই স্কোর দাঁড়ায় ১৯৬। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে ছিল উগান্ডার কাম্পালা ও চিলির সান্তিয়াগো, যাদের স্কোর ছিল ১৫৯। এরপরেই রয়েছে জাকার্তা (১৫৮) এবং ভারতের রাজধানী দিল্লি (১৫৭)। এই শহরগুলো এখন গুরুতর দূষণের মধ্য দিয়ে যাচ্ছে, আর সেখানে ঢাকার অবস্থান কিছুটা ভালো হলেও, তা মোটেই আশাব্যঞ্জক নয়।
একিউআই মান অনুযায়ী, স্কোর ০ থেকে ৫০ হলে বাতাসকে ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর উপরে স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়। শিশু, প্রবীণ এবং অসুস্থদের জন্য দূষণমাত্রা বাড়লে স্বাস্থ্যঝুঁকি মারাত্মক হয়ে ওঠে। তাই ঢাকার মধ্যম মানের স্কোরকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, বিশেষত যখন বৃষ্টির মতো প্রাকৃতিক উপাদানেও বায়ুর মানে উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে না।