• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার

দখিনের সময়
প্রকাশিত জুন ২৫, ২০২৫, ১৪:৪৮ অপরাহ্ণ
সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার
দখিনের সময় ডেস্ক:
দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়ে দায়ের করা মামলার সূত্র ধরে রাজধানীর মগবাজার এলাকা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে ডিবি। বুধবার (২৫ জুন) দুপুর ২টার দিকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম। এর আগে একই মামলায় সাবেক সিইসি কে এম নূরুল হুদাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
মামলাটি করে বিএনপি, গত রোববার (২২ জুন) শেরেবাংলা নগর থানায়। এতে তিন সাবেসিইসি—কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালসহ মোট ২৪ জনকে আসামি করা হয়। বিএনপির অভিযোগ, এ তিনটি জাতীয় নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ এবং ভোটাধিকার হরণের সঙ্গে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন কর্মকর্তারা এর দায় এড়াতে পারেন না। মামলার ভিত্তিতেই হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে ডিবি সূত্র নিশ্চিত করেছে।
প্রসঙ্গত, কাজী হাবিবুল আউয়াল ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত সিইসি হিসেবে দায়িত্ব পালন করেন। তার কমিশনের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক বিতর্ক ও বিরোধী দলের বর্জন দেখা দেয়। অন্যদিকে, কে এম নূরুল হুদা ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত দায়িত্বে ছিলেন এবং ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচন পরিচালনা করেন, যা অনিয়ম, কারচুপি ও ভোটার বিহীন নির্বাচনের অভিযোগে অভিযুক্ত হয়।