• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম মহানগর বিএনপির ৩১ ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

দখিনের সময়
প্রকাশিত জুন ২৫, ২০২৫, ১৫:০১ অপরাহ্ণ
চট্টগ্রাম মহানগর বিএনপির ৩১ ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
দখিনের সময় ডেস্ক:
দল পুনর্গঠনের ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগর বিএনপি ৩১টি ওয়ার্ডে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং সদস্যসচিব নাজিমুর রহমান দলীয় গঠনতন্ত্র ও নির্দেশনা অনুযায়ী এসব কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেন। এর আগে গত ৩ জুন তিন সদস্যবিশিষ্ট প্রাথমিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। এবার তা সম্প্রসারিত হয়ে পূর্ণাঙ্গ রূপ পেল।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দফতরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিটি গঠনে দলীয় অভিজ্ঞতা, রাজনৈতিক সচেতনতা, অতীত আন্দোলনে অংশগ্রহণ, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তাকে বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। ত্যাগী, পরীক্ষিত ও সক্রিয় কর্মীদের মূল্যায়ন করে কমিটি সাজানো হয়েছে। পর্যায়ক্রমে মহানগরের বাকি ওয়ার্ডগুলোতেও একই প্রক্রিয়ায় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে দলটি।
পূর্ণাঙ্গ কমিটি গঠিত ওয়ার্ডগুলোর মধ্যে রয়েছে জালালাবাদ, পাঁচলাইশ, চান্দগাঁও, মোহরা, ষোলশহর, শোলকবহর, পাহাড়তলী, লালখান বাজার, বাগমনিরাম, চকবাজার, বাকলিয়া, দেওয়ান বাজার, এনায়েত বাজার, আগ্রাবাদ, মাদারবাড়ী, আন্দরকিল্লা, ফিরিঙ্গি বাজার, পাথরঘাটা, পতেঙ্গা, সাংগঠনিক ও শিল্পাঞ্চল এলাকার মোট ৩১টি ওয়ার্ড। মহানগর বিএনপি বিশ্বাস করে, এ সিদ্ধান্তের মাধ্যমে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে এই কমিটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।