• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদো কি গড়বেন ফুটবলের প্রথম সত্যিকারের হাজার গোল?

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৫, ১৯:৫২ অপরাহ্ণ
রোনালদো কি গড়বেন ফুটবলের প্রথম সত্যিকারের হাজার গোল?
দখিনের সময় ডেস্ক:
৪০ বছর বয়সেও ক্রিশ্চিয়ানো রোনালদো যেন থামতেই জানেন না। আর্মেনিয়ার বিপক্ষে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে জোড়া গোল করে ক্যারিয়ারের গোলসংখ্যা তুলেছেন ৯৪২-এ। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ গোলদাতার মুকুট তার মাথায় আগেই উঠেছিল, তবে এবার সামনে নতুন ইতিহাস—অফিশিয়াল ম্যাচে প্রথম খেলোয়াড় হিসেবে হাজার গোলের স্বপ্ন। এখন তার দরকার মাত্র ৫৮ গোল, আর তা শুনলেই প্রশ্ন জাগে—এটা কি আসলেই সম্ভব?
গত মৌসুমে রোনালদো করেছিলেন ৪৩ গোল, চলতি মৌসুমের সেপ্টেম্বর পর্যন্ত ইতিমধ্যেই করেছেন ৫ গোল। গড়ে প্রতি মৌসুমে যদি ২৫–৩০ গোল করেও যান, তবে আগামী দুই থেকে তিন মৌসুমের মধ্যেই কাঙ্ক্ষিত মাইলফলক ছোঁয়া সম্ভব। বয়স ৪০ বছর পেরোলেও তার নিখুঁত ফিটনেস, কঠোর ডায়েট, শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন এবং সৌদি প্রো লিগের তুলনামূলক সহজ প্রতিপক্ষ তাকে এখনও গোলমেশিন হিসেবেই ধরে রেখেছে। আল-নাসরের সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তি থাকায় অন্তত আরও দুই মৌসুম তার হাতে নিশ্চিত। প্রয়োজনে চুক্তি বাড়ালেই সামনে খুলে যাবে নতুন রেকর্ডের দরজা।
পেলের নামের পাশে প্রায়ই “হাজার গোল” বলা হলেও সেখানে প্রীতি ম্যাচও ধরা হয়েছে। কিন্তু রোনালদোর সব গোল অফিশিয়াল পরিসংখ্যানেই। তাই তিনি যদি হাজার গোল স্পর্শ করেন, তবে সেটিই হবে ফুটবল ইতিহাসের প্রথম সত্যিকারের হাজার গোল। এখন তার সামনে সবচেয়ে বড় প্রতিপক্ষ সময়। বয়স বাড়লেও যদি ফিটনেস ও ধারাবাহিকতা বজায় থাকে, তবে ফুটবলের ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর অধ্যায় রচিত হতে পারে তার পায়ের জাদুতে।