• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সভাপতি নয়, তামিমের নজর আপাতত পরিচালক পদে

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৫, ২০:০১ অপরাহ্ণ
সভাপতি নয়, তামিমের নজর আপাতত পরিচালক পদে
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আসন্ন অক্টোবরের শুরুতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন পরিচালনার জন্য ইতোমধ্যেই তিন সদস্যের কমিশন গঠন করেছে বিসিবি। দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছিল তামিম ইকবাল অংশ নেবেন কি না, অবশেষে জাতীয় দলের সাবেক অধিনায়ক নিজেই জানিয়েছেন—তিনি ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক পদে লড়বেন।
অনেকে ধারণা করেছিলেন, তামিম হয়তো সরাসরি সভাপতির পদেই লড়বেন। কিন্তু সেই জল্পনায় ইতি টেনে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, তার প্রাথমিক লক্ষ্য পরিচালক হওয়া। সময় নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন, আগে ডিরেক্টর পদে জেতার ওপরই তার মনোযোগ। একবার নির্বাচিত হলে ভবিষ্যতে সভাপতির মতো বড় দায়িত্ব নিয়ে ভাবা যেতে পারে, তবে আপাতত তিনি সেই পরিকল্পনায় নেই।
তামিম আরও বলেন, “আমাদের নাম সামনে আসলেই অনেকে ধরে নেন আমরা সভাপতি হওয়ার জন্য নামছি। কিন্তু আমার এখনকার ফোকাস শুধু বিসিবির নির্বাচন এবং পরিচালক হওয়া।” আগামী অক্টোবরের নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরিচালকের দায়িত্ব নিতে চান তিনি। তার লক্ষ্য, সরাসরি প্রশাসনিক কাঠামোর অংশ হয়ে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে অবদান রাখা।