• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের উপর ইংল্যান্ডের পাল্টা আঘাত

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৫, ২০:২৯ অপরাহ্ণ
বাংলাদেশের উপর ইংল্যান্ডের পাল্টা আঘাত
দখিনের সময় ডেস্ক:
প্রথম ওয়ানডেতে ২৯২ রানের পাহাড় গড়ে ৮৭ রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে দ্বিতীয় ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি আজিজুল হাকিম তামিমের দল। লাফবরোয় তারা ৫০ ওভারে ৯ উইকেটে সংগ্রহ করে ২৭৩ রান। জবাবে ইংল্যান্ড ডিএল মেথডে ৪৭ ওভারে ২৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৩ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নেয়। ফলে পাঁচ ম্যাচের সিরিজে দুই দল এখন ১-১ সমতায়। সিরিজের বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর।
বাংলাদেশের ব্যাটিংয়ে এদিন বড় অবদান রাখেন রিজান হোসেন ও রিফাত বেগ। আগের ম্যাচে সেঞ্চুরির পর রিজান করেন কার্যকর হাফসেঞ্চুরি—৫৭ বলে ৭ চার ও ১ ছয়ে ৫৭ রান। রিফাত বেগও খেলেন ৫১ রানের ঝলমলে ইনিংস। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ব্যাট থেকে আসে ৪৪ বলে ৪১ রান। তবে দলের বাকিরা ব্যর্থ হওয়ায় সংগ্রহ থামে ২৭৩ রানে। ইংল্যান্ডের হয়ে জেমস মিন্টো নেন ৩ উইকেট, আর ম্যানি লামসডেন ও জেএ নেলসন ভাগাভাগি করে নেন ২টি করে উইকেট।
তাড়া করতে নেমে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন ওপেনার ইসাক মোহাম্মদ। ৯৫ বলে ঝড়ো ১০৪ রান করে তিনি হয়ে ওঠেন ম্যাচের নায়ক। অন্য কেউ হাফসেঞ্চুরির দেখা না পেলেও ব্যাটসম্যানরা ছোট ছোট ইনিংস খেলে সঙ্গ দেন। জোসেফ মুরস করেন ৪৭, নেলসন ৩৫, আর বেন মায়েস যোগ করেন ৩০ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে সামিউন বশির আবারও আলো ছড়ান—১০ ওভারে মাত্র ৩৫ রান দিয়ে নেন ৩ উইকেট। ফাহাদ, ফারান শারিয়ার ও আল-আমিন পান একটি করে উইকেট। তবে শেষ পর্যন্ত সেঞ্চুরিয়ান ইসাকের ব্যাটেই হারের স্বাদ নিতে হয় বাংলাদেশকে।