• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সুখবর পেলো আফগানদের হারানোর পরদিনই

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১৯:২৬ অপরাহ্ণ
বাংলাদেশ সুখবর পেলো আফগানদের হারানোর পরদিনই
দখিনের সময় ডেস্ক:
এশিয়া কাপে টিকে থাকতে হলে আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া উপায় ছিল না বাংলাদেশের। সেই চাপের ম্যাচে টাইগাররা লড়াই করে জিতেছে ৮ রানে। আর এই গুরুত্বপূর্ণ জয়ের ঠিক পরদিনই এল সুখবর—টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে বাংলাদেশ এখন নবম স্থানে। আফগানরা পিছিয়ে গেছে এক ধাপ, নেমে গেছে ১০-এ।
বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ২২২, সমান রেটিং থাকলেও পয়েন্টের হিসাবে আফগানিস্তান অনেকটা পিছিয়ে। টাইগারদের সংগ্রহ ১২ হাজার ২২৩ পয়েন্ট, যেখানে আফগানদের পয়েন্ট মাত্র ৮ হাজার ২১৩। র‍্যাঙ্কিংয়ের শীর্ষে এখনও ভারত (২৭১), এরপর অস্ট্রেলিয়া (২৬৬) ও ইংল্যান্ড (২৫৭)। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের পরেই জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
ব্যক্তিগত পারফরম্যান্সেও এসেছে সুসংবাদ। আফগানদের বিপক্ষে ঝড়ো ফিফটি খেলে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়েছেন তানজিদ হাসান তামিম, এখন তিনি ৩৫ নম্বরে। জাকের আলী অনিকও উন্নতি করে পৌঁছেছেন ৫৭ নম্বরে, শ্রীলঙ্কার বিপক্ষে তার ইনিংস ছিল স্মরণীয়। বোলারদের মধ্যে তানজিম হাসান সাকিব এগিয়ে গেছেন পাঁচ ধাপ, এখন তিনি ৪২-এ। তবে মুস্তাফিজ, তাসকিন ও শরিফুল পিছিয়েছেন। বিশেষ করে মুস্তাফিজ আফগানদের বিপক্ষে তিন উইকেট নিলেও নেমে গেছেন ১৫তম স্থানে। তা সত্ত্বেও দলগতভাবে আফগানদের হারিয়ে এবং র‍্যাঙ্কিংয়ে উন্নতি করে বাংলাদেশ আবারও নতুন আত্মবিশ্বাসে উজ্জীবিত।