• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুপার ফোরের টিকিট এখন ভাগ্যের খেলা

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৫, ২০:২২ অপরাহ্ণ
সুপার ফোরের টিকিট এখন ভাগ্যের খেলা
দখিনের সময় ডেস্ক:
এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে শুরু করলেও শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হেরে চাপে পড়ে বাংলাদেশ। তবে আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে জয় পেলেও সুপার ফোরে জায়গা এখনও নিশ্চিত হয়নি। এখন সবকিছু নির্ভর করছে শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের ফলাফলের ওপর। শ্রীলঙ্কা জিতলে সরাসরি পরের রাউন্ডে যাবে টাইগাররা, আর আফগানিস্তান জিতলে সমীকরণ জটিল হয়ে যাবে। তবুও বাংলাদেশ দল জানিয়ে দিয়েছে—তারা কাউকে সমর্থন করছে না, ভাগ্যের ওপরই ভরসা রাখছে।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে সবচেয়ে বড় অবদান রেখেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। আগের দুই ম্যাচে একাদশে জায়গা না পেলেও সুযোগ পেয়েই বাজিমাত করেন তিনি। ইনিংসের প্রথম বলেই সেদিকুল্লাহ আতালকে আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নাসুম। পুরো চার ওভার বোলিংয়ে মাত্র ১১ রান খরচ করে শিকার করেন ২ উইকেট, আর হাতে তুলে নেন ম্যাচসেরার পুরস্কার। নাসুম জানিয়েছেন, তিনি সবসময় ম্যাচের জন্য তৈরি থাকেন, আর দলে যখনই ডাক পড়ে, চেষ্টা করেন নিজের সেরাটা দিতে।
বাংলাদেশের সামনে এখন একটাই সমীকরণ—শ্রীলঙ্কা জিতলেই সুপার ফোর নিশ্চিত। তবে নাসুমের মতে, “ভাগ্যে যা লেখা আছে তাই হবে।” তিনি বলেন, কাউকে আলাদা করে সমর্থন করার প্রয়োজন নেই, ভালো দলই জিতবে। টাইগাররা আপাতত ভাগ্যের দিকে তাকিয়ে আছে, আর ভক্তরা অপেক্ষায় আছে—ফেবারিট দল শ্রীলঙ্কা, উপহার হিসেবে পরের রাউন্ডের টিকিটি কি বাংলাদেশকে দেবে ?