• ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সুপার ফোর শুরু বাংলাদেশের

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ণ
শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সুপার ফোর শুরু বাংলাদেশের
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের পথে একধাপ এগিয়ে থাকলো টাইগাররা। দুশমন্থা চামিরার ফুলটসের লাইন মিস করে এলবিডব্লিউ হয়ে গেলেন তাওহিদ হৃদয়। ভাঙল ২৭ বল স্থায়ী ৪৫ রানের জুটি। রিভিউ নিয়েও লাভ হয়নি, বল আঘাত হানত লেগ স্টাম্পে। ৩৭ বলে দুই ছক্কা ও চারটি চারে ৫৮ রান করেন হৃদয়। ক্রিজে গিয়েই ফুলটসে বাউন্ডারিতে শুরু করেন জাকের আলি। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ১৯ ওভার ৫ বলে ৪ উইকেট হাতে রেখেই ১৬৯ রান করে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। ।
বলা যায়, ১৬৯ রানের লক্ষ্য ছুঁয়ে ম্যাচ জিতে রীতিমত অনেক বিশ্লেষকের হিসেব পাল্টে দিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি এর চেয়ে বড় লক্ষ্য ছুঁয়ে বাংলাদেশ জিতেছে মাত্র দুটি ম্যাচ। ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে এই শ্রীলঙ্কার বিপক্ষেই সর্বোচ্চ ২১৫ রানের লক্ষ্য ছুঁয়ে জিতেছিল বাংলাদেশ।
ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে টাইগাররা। রান তাড়ায় বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় ১ রানের মাথায় তানজিদ হাসান তামিম কোনো রান না করেই বিদায় নেন। পরবর্তীতে সাময়িক সেই চাপ সামলে নেন সাইফ হাসান এবং লিটন দাস। একসময় ৫০ রানের জুটিও পার করেন এই দুই ব্যাটার। তবে দলীয় ৬০ রানে লিটন ফিরে যান ব্যক্তিগত ২৩ রান করে। এরপর সাইফ একাই চার ছক্কার ইনিংস খেলতে থাকেন, তাকে সঙ্গ দেন তাওহীদ হৃদয়। একসময় সাইফ তুলে নেন ক্যারিয়ারের প্রথম অর্ধ-শতক। তখন ব্যাট হাতে রানের ফোয়ারা ছোটাচ্ছিলেন হৃদয়। এরপর ৪৫ বলে ৬১ রান করে বিদায় নেন সাইফ। সেখান থেকে শামীম হোসেনকে নিয়ে ২৭ বলে ৪৫ রান যোগ করে শ্রীলঙ্কাকে ম্যাচ থেকে ছিটকে দেন হৃদয়। ১৯তম ওভারে জয়ের ১০ রান আগে ফিরেছেন ৩৭ বলে ৫৮ রান করা হৃদয়। এরপর শেষের ওভারের নাটকের শুরু।
দুবাইতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬৪ রান করেছেন দাসুন শানাকা। ইনিংসের প্রথম ওভারেই কুশল মেন্ডিসের কাছে ছক্কা হজম করেন শরিফুল ইসলাম। আক্রমণাত্মক শুরু করা লঙ্কানদের উদ্বোধনী জুটি ভাঙেন তাসকিন আহমেদ। পঞ্চম ওভারের শেষ বলটি ভালো লেংথে করেছিলেন তাসকিন। মিডল ও লেগ স্টাম্পের ওপর থেকে টেনে খেলতে চেয়েছিলেন পাথুম নিশাঙ্কা, টাইমিং ভালো না হওয়ায় ডিপ মিডউইকেটে সাইফ হাসানের হাতে ধরা পড়েন তিনি। সাজঘরে ফেরার আগে ১৫ বলে ২২ রান করেছেন এই ওপেনার।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা : ২০ ওভারে ১৬৮/৭ (শানাকা ৬৪*, কুশল মেন্ডিস ৩৪, নিশাঙ্কা ২২, আসালাঙ্কা ২১, কুশল পেরেরা ১৬; মোস্তাফিজ ৩/২০, মেহেদী ২/২৫)।
বাংলাদেশ : ১৯.৫ ওভারে ১৬৯/৬ (সাইফ ৬১, হৃদয় ৫৮, লিটন ২৩, শামীম ১৪*; শানাকা ২/২১, হাসারাঙ্গা ২/২২)।
ফল : বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : সাইফ হাসান।