• ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিসিবি নির্বাচনে সভাপতির চিঠি নিয়ে আদালতে নাটক

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৫, ১৯:৩১ অপরাহ্ণ
বিসিবি নির্বাচনে সভাপতির চিঠি নিয়ে আদালতে নাটক
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন সামনে রেখে তৈরি হয়েছে আইনি জটিলতা। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জেলা ও বিভাগীয় এডহক কমিটিকে চিঠি দিয়ে নতুন কাউন্সিলরের নাম চেয়েছিলেন। এই চিঠিকে ঘিরেই হাইকোর্টে রিট হয় এবং সোমবার (২২ সেপ্টেম্বর) আদালত তার কার্যকারিতা স্থগিত করেন। তবে একই দিন চেম্বার আদালত হাইকোর্টের সেই আদেশ স্থগিত করে দেন। ফলে আগামী ৬ অক্টোবরের নির্বাচনে কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
রিট আবেদন করেন টাঙ্গাইলের তপন, লক্ষীপুরের কামরুল, গোপালগঞ্জের খসরু ও রাজবাড়ীর দুলাল। তারা যুক্তি দেন, বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি এককভাবে কাউন্সিলর পরিবর্তনের ক্ষমতা রাখেন না। নির্বাচন কমিশন ঘোষণার পর নতুন কাউন্সিলর পাঠানোর সুযোগও নেই। তাই সভাপতির চিঠি শুধু বেআইনিই নয়, বরং নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে।
আইনজীবীরা জানান, বিসিবির কাউন্সিলর তালিকা ১৭ সেপ্টেম্বর প্রকাশ হওয়ার কথা থাকলেও সভাপতি সেটি পিছিয়ে ২২ সেপ্টেম্বর করেন। এর মধ্যেই চিঠি পাঠিয়ে বিতর্ক সৃষ্টি হয়। যেহেতু আমিনুল ইসলাম বুলবুল নিজেও নির্বাচনে প্রার্থী, তাই তার এই উদ্যোগ স্বার্থসংঘাত তৈরি করেছে বলে অভিযোগ উঠেছে। তবে চেম্বার আদালতের সিদ্ধান্তে এখন নির্বাচন পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ৬ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার পথ পরিষ্কার হয়েছে।