• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে ভোজ্য তেলের কারখানায় ভয়াবহ আগুন

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১৯:৫৩ অপরাহ্ণ
রূপগঞ্জে ভোজ্য তেলের কারখানায় ভয়াবহ আগুন
দখিনের সময় ডেস্ক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবুল খায়ের গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান গ্লোব এডিবল অয়েল লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা পৌনে বারোটার দিকে সয়াবিন তেল প্রক্রিয়াজাতকরণ বিভাগের সিট ক্রাশিং সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যেই আগুন কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়ায় আশপাশের এলাকা আতঙ্কিত হয়ে ওঠে। শ্রমিকরা প্রাণ বাঁচাতে ছোটাছুটি করতে থাকেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কাঞ্চন, ডেমরা ও সোনারগাঁ স্টেশনের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টানা এক ঘণ্টার প্রচেষ্টায় দুপুর একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা ব্রিগেডিয়ার (অব.) আশরাফ জানান, আগুনে বিপুল পরিমাণ কাঁচামাল, আসবাবপত্র, বিভিন্ন যন্ত্রপাতি ও সামগ্রী পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। এদিকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ওসমান গনি জানিয়েছেন, আগুনের কারণ অনুসন্ধান এবং ক্ষতির সঠিক হিসাব বের করতে তদন্ত শুরু করা হবে।