বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত
দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের জন্য সব ধরনের মার্কিন ইমিগ্র্যান্ট ভিসা প্রসেসিং সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। এতে পড়াশোনা, চিকিৎসা ও স্থায়ীভাবে বসবাসের আশায় থাকা হাজারো আবেদনকারী অনিশ্চয়তার মুখে পড়েছেন।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২১ জানুয়ারি থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে এবং পুনঃমূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত তা অনির্দিষ্টকাল চলবে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কনস্যুলার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে, তারা ‘পাবলিক চার্জ’ আইনের আওতায় ভিসা আবেদন বাতিল করতে পারবেন। নতুন নির্দেশনায় আবেদনকারীর বয়স, স্বাস্থ্য, ইংরেজি ভাষার দক্ষতা, আর্থিক সক্ষমতা এবং ভবিষ্যতে দীর্ঘমেয়াদি চিকিৎসা বা সরকারি সহায়তার প্রয়োজন হতে পারে কি না—এসব বিষয় বিবেচনায় নেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক শিক্ষা, ব্যবসা ও অভিবাসনের ওপর বড় ধরনের প্রভাব ফেলবে, বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানের মতো দেশগুলোতে, যেখান থেকে প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ যুক্তরাষ্ট্রে যান।
‘পাবলিক চার্জ’ নীতির আওতায় যাদের ভবিষ্যতে মার্কিন সরকারের সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার আশঙ্কা রয়েছে, তাদের ভিসা বাতিল করা হতে পারে। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, কেবল সীমিত কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, ইরান, রাশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ডসহ ৭৫টি দেশ এই স্থগিতাদেশের আওতায় রয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন না হলে বহু আবেদনকারীর স্বপ্ন দীর্ঘ সময়ের জন্য থমকে যাবে।