• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেরার পথে থেমে গেল রাফিনের জীবন

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ণ
ফেরার পথে থেমে গেল রাফিনের জীবন
দখিনের সময় ডেস্ক:
চাঁদপুর শহরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সপ্তম শ্রেণির শিক্ষার্থী আবু সাঈদ রাফিন (১৩)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে শহরের মুখার্জিঘাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় পানির ট্যাংকবাহী একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হয় সে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয় ছুটির পর রাফিন বাসায় ফেরার পথে কাজী নজরুল ইসলাম সড়কের সংযোগস্থলে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি পানিবাহী ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই সে মারাত্মক আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে অ্যাম্বুলেন্সে করে কুমিল্লা নেওয়ার পথে বিকেলে শাহরাস্তির ওয়ারুক এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়। রাফিন আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল এবং শহরের নাজির পাড়ায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহকারী পলাতক রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রাফিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অল্প বয়সেই একটি প্রাণ ঝরে যাওয়ায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।