শেরপুর জেলা শহরের একটি ভাড়া বাসা থেকে শাহিনুল ইসলাম (৪০) নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি শেরপুর সদর থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, শাহিনুল ইসলাম প্রায় পাঁচ মাস ধরে সদর থানায় দায়িত্ব পালন করছিলেন। বুধবার রাতে নাইট ডিউটি শেষ করে তিনি ভাড়া বাসায় ফিরে যান। পরে তার স্ত্রী বাসা তালাবদ্ধ করে গ্রামের বাড়ি জামালপুরে যান। এরপর দীর্ঘ সময় ফোনে যোগাযোগ না হওয়ায় উদ্বিগ্ন হয়ে স্ত্রী বাসায় ফিরে আসেন। দরজায় সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে তার শ্যালক ভেতরে তাকিয়ে দেখেন, শাহিনুল গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হলে দরজা ভেঙে ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, বিয়ের পর থেকেই শাহিনুল ইসলাম কিছুটা মানসিক অস্থিরতায় ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।