• ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আজ শুরু ৫০তম বিসিএসের প্রিলিমিনারি

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ণ
আজ শুরু ৫০তম বিসিএসের প্রিলিমিনারি
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের নির্ধারিত কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, এই পরীক্ষার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো “১ বিসিএস, ১ বছর” বাস্তবায়নের কার্যক্রম। কমিশনের ভাষ্য অনুযায়ী, স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো একটি বিসিএস পুরোপুরি এক বছরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। পরীক্ষার হল, আসন বিন্যাস এবং প্রার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনাগুলো সময়মতো পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ২৬ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন প্রক্রিয়া শুরু হয় ৪ ডিসেম্বর এবং শেষ হয় ৩১ ডিসেম্বর। কমিশনের নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১০ ফেব্রুয়ারি। এরপর লিখিত পরীক্ষা শুরু হবে ৯ এপ্রিল এবং এর ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ৩০ জুলাই। মৌখিক পরীক্ষা শুরু হবে ১০ আগস্ট, আর চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর। এদিকে পরীক্ষা স্থগিতের দাবিতে করা একটি রিট আবেদন আদালত খারিজ করে দিয়েছেন।