দখিনের সময় ডেস্ক:
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সেন্ট মার্টিন দ্বীপে রোববার (১ ফেব্রুয়ারি) থেকে টানা নয় মাস পর্যটক ভ্রমণ বন্ধ থাকছে। এই ঘোষণার ফলে দ্বীপটির পর্যটননির্ভর ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও পরিবহন খাতের সঙ্গে যুক্তদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) ছিল চলতি মৌসুমের শেষ দিন। এদিন শেষবারের মতো পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিনে যাতায়াত করে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দ্বীপে কোনো পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি থাকবে না। সাধারণত প্রতিবছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত দ্বীপটি পর্যটকদের জন্য উন্মুক্ত থাকলেও, এবার সময়সীমা কমিয়ে নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়। এর মধ্যেও নভেম্বর মাসজুড়ে পর্যটকদের রাতযাপনে নিষেধাজ্ঞা ছিল। স্থানীয়দের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে গড়ে প্রতিদিন প্রায় দুই হাজার পর্যটক দ্বীপে গেছেন, মোট সংখ্যা দাঁড়ায় প্রায় এক লাখ ২০ হাজারে। তবে পর্যটক সংখ্যা বেশি হলেও প্রত্যাশিত আর্থিক সুফল পাননি স্থানীয় ব্যবসায়ীরা।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ীই এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। সেন্ট মার্টিন হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ আবদুর রহমান বলেন, অনেক ব্যবসায়ী লাভের মুখ দেখেননি, বরং লোকসানে পড়েছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, দ্বীপের অধিকাংশ মানুষ পর্যটনখাতের ওপর নির্ভরশীল হওয়ায় হঠাৎ এই সিদ্ধান্তে সবাই হতাশ। মানবিক দিক বিবেচনায় অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত বা আরও কিছুদিন পর্যটন চালু রাখার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।