• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে প্রস্তুত বিজিবির কুইক রেসপন্স ফোর্স ও হেলিকপ্টার ইউনিট

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৬, ১৮:৫৫ অপরাহ্ণ
নির্বাচনে প্রস্তুত বিজিবির কুইক রেসপন্স ফোর্স ও হেলিকপ্টার ইউনিট
দখিনের সময় ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এ লক্ষ্যে সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে, পাশাপাশি প্রস্তুত রাখা হচ্ছে কুইক রেসপন্স ফোর্স ও হেলিকপ্টার ইউনিট।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান। তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির সুসংগঠিত পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত নিরাপত্তা অক্ষুণ্ন রেখেই এই দায়িত্ব পালন করা হবে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় কুইক রেসপন্স ফোর্স ও হেলিকপ্টার ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে বলে জানান তিনি।
তবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের সময় বিজিবি কোনো ধরনের লেথাল ওয়েপন বা মারণাস্ত্র ব্যবহার করবে না বলে স্পষ্ট করেন কর্নেল আবুল এহসান। তিনি আশা প্রকাশ করেন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।