• ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় ফেরিতে আগুন আতঙ্ক

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৬, ১৮:৫৭ অপরাহ্ণ
দৌলতদিয়ায় ফেরিতে আগুন আতঙ্ক
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাটে নোঙর করা ‘শাহ মখদুম’ নামের একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে ফেরিটিতে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাটে অবস্থানরত ফেরিটির সাইলেন্সার পাইপের ভেতর থেকে হঠাৎ করে আগুনের শিখা বের হতে দেখা যায়। কিছু সময় ধরে আগুন জ্বলতে থাকায় ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে দ্রুত ফেরিতে থাকা গাড়িগুলো নামিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল বাসাত খান জানান, অগ্নিকাণ্ডটি স্বল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। এদিকে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ময়লা পরিষ্কারের সময় সাইলেন্সার থেকে আগুন বের হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে।