• ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্ট কর্মবিরতি

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১৭:৫৭ অপরাহ্ণ
চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্ট কর্মবিরতি
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারী সংগঠনগুলো অনির্দিষ্টকালের লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে। এর ফলে দেশের প্রধান সমুদ্রবন্দরের স্বাভাবিক কার্যক্রম নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর এলাকায় আয়োজিত এক অবরোধ কর্মসূচি থেকে এ ঘোষণা দেন চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন। তিনি জানান, বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে কর্মবিরতি কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা চলবে। তাঁর অভিযোগ, আন্দোলনের জেরে নৌ-উপদেষ্টা পক্ষ থেকে শ্রমিকদের হুমকি দেওয়া হচ্ছে, বদলি আদেশ জারি করা হচ্ছে এবং মোবাইল কোর্ট পরিচালনার কথা বলা হচ্ছে। এসব পরিস্থিতি বিবেচনায় নিয়েই কঠোর কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে শ্রমিকরা মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে যান, যার ফলে এনসিটি, সিসিটি ও জেনারেল কার্গো বার্থসহ সব টার্মিনালে কার্যক্রম বন্ধ হয়ে যায়। শ্রমিকদের মূল দাবির মধ্যে রয়েছে—এনসিটি বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা না দেওয়া, বন্দর চেয়ারম্যানের পদত্যাগ এবং আন্দোলন ঘিরে দেওয়া সব বদলির আদেশ বাতিল।
এদিকে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ আগ্রাবাদ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি বন্দরের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। চার দিন ধরে জাহাজ জেটিতে অপেক্ষমাণ থাকায় এবং পণ্য পরিবহন বন্ধ থাকায় ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন। বিজিএমইএর সহসভাপতি সেলিমুর রহমান বলেন, এই অচলাবস্থায় আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে এবং পোশাক খাতের রপ্তানি সূচি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।