ব্যবহৃত মোবাইল বিক্রি বা হস্তান্তরে নতুন নির্দেশনা
দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১৮:১৯ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ব্যবহারকৃত মোবাইল ফোন বিক্রি বা অন্যের কাছে হস্তান্তরের আগে নিবন্ধন বাতিল করার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেম সম্পূর্ণভাবে চালু হওয়ায় এই নিয়ম জারি করা হলো।
বিটিআরসি জানায়, এনইআইআর সিস্টেমের মাধ্যমে দেশে বর্তমানে সক্রিয় সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়েছে। এর ফলে চোরাই বা অবৈধ মোবাইল ব্যবহারের ক্ষেত্রে নিয়ন্ত্রণ সহজ হবে। যে কোনো মোবাইল হ্যান্ডসেট বিক্রি বা অন্য কারো ব্যবহারের জন্য হস্তান্তরের আগে অবশ্যই ডি-রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ ফোনটি জাতীয় পরিচয়পত্রের সঙ্গে নিবন্ধন বাতিল বা অবমুক্ত করতে হবে।
ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সিম ক্রয়ের সময় ব্যবহৃত ডকুমেন্টের তথ্য যেমন জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বরের শেষ চারটি সংখ্যা দরকার হবে। বিস্তারিত তথ্যের জন্য ব্যবহারকারীরা বিটিআরসির ওয়েবসাইট neir.btrc.gov.bd ভিজিট করতে পারেন, অথবা ১০০ নম্বরে কল সেন্টার ও নিকটস্থ মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টার থেকে সহায়তা নিতে পারবেন।