সাতক্ষীরার শ্যামনগরে নির্বাচনি উত্তাপের মাঝে নজর কেড়েছে বিএনপির একটি ব্যতিক্রমী উদ্যোগ। জামায়াতে ইসলামীর জনসভা শেষে ছড়িয়ে থাকা পলিথিন, খাবারের মোড়ক ও কাগজের বর্জ্য পরিষ্কার করেন বিএনপির নেতাকর্মীরা। এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে, যেখানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মাঝেও দায়িত্বশীলতার বার্তা ফুটে উঠেছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. মনিরুজ্জামানের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। দলীয় নেতাকর্মীরা মাঠের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে অপসারণ করেন। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ পরিষ্কার রাখা সকল দলের দায়িত্ব এবং এটি রাজনৈতিক ও সামাজিক সৌজন্যের নিদর্শন।
পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে বিএনপি প্রস্তুতি নেন নিজেদের নির্বাচনী জনসভার জন্য। ড. মনিরুজ্জামান বলেন, “রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জনস্বার্থ ও শৃঙ্খলা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে।” ঘণ্টাব্যাপী এই অভিযানে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মাঠের পরিচ্ছন্নতার পর মঞ্চ নির্মাণসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়। স্থানীয়রা মন্তব্য করছেন, এমন উদ্যোগ রাজনৈতিক সহনশীলতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।