• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশালে চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১৭:৪৯ অপরাহ্ণ
ত্রিশালে চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
দখিনের সময় ডেস্ক:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় দুর্বৃত্তদের হামলায় এক চাল ব্যবসায়ী নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের পর তার দোকান থেকে কয়েক লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে।
নিহত ব্যক্তি সুসেন চন্দ্র সরকার (৬২), ত্রিশাল উপজেলার সাউথকান্দা গ্রামের বাসিন্দা। তিনি বগার বাজার চৌরাস্তায় ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামে একটি চালের আড়ত পরিচালনা করতেন। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত দোকানের ভেতরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে দোকানের ভেতরেই তাকে ফেলে রেখে শাটার নামিয়ে পালিয়ে যায় তারা। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এবং পরে দোকান খুলে ভেতরে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের ছেলে সুজন সরকার বলেন, তাদের সঙ্গে কারও পূর্বশত্রুতা ছিল না এবং পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে; এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।