দখিনের সময় ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক দুই দিন আগে নেত্রকোনা সদরে একটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে সদর উপজেলার নূরপুর সিধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ নাশকতা চালানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে বিদ্যালয়ের পুরোনো ভবনের একটি কক্ষে জানালার গ্রিলের ফাঁক দিয়ে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন ধরানো হয়। ওই ভবনে চারটি ভোটকক্ষ ছিল। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে একটি কক্ষের দুটি বেঞ্চ, একটি ফ্যান, বৈদ্যুতিক লাইটসহ কিছু আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরদিন সকালে জেলা পুলিশ, ডিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আলামত সংগ্রহ করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, আসন্ন নির্বাচনকে ঘিরে আতঙ্ক ও অস্থিরতা সৃষ্টি করতেই এ ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার পর ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।