• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পর্তুগাল যেতে গিয়ে সীমান্তে আটক চার যুবক

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১৮:০৫ অপরাহ্ণ
পর্তুগাল যেতে গিয়ে সীমান্তে আটক চার যুবক
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা দালালের সহায়তায় পর্তুগাল অ্যাম্বাসিতে যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে জানা যায়, রোববার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের পূর্ব জাঙ্গালিয়া এলাকায় স্থানীয়দের সহযোগিতায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। আটকরা হলেন—হবিগঞ্জ জেলার বানিয়াচর উপজেলার মোকলেছের ছেলে মো. নোমান (৩৫), সদর উপজেলার পউল গ্রামের মো. জোবেদ আলীর ছেলে মো. ইবাদুর রহমান সুজন (২০), খেনু মিয়ার ছেলে মো. ইমন মিয়া (১৯) এবং আব্দুল মতিনের ছেলে মো. পারভেজ (৩০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, পাসপোর্ট ও ভিসা ছাড়া দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করে পর্তুগাল অ্যাম্বাসিতে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি নির্বাচনকালীন সময়ে যাতে কেউ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সতর্ক অবস্থানে কাজ করে যাচ্ছে।