• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১৮:১৬ অপরাহ্ণ
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
পাবনার সাঁথিয়ায় ঢাকা–পাবনা মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজনের প্রাণহানি হয়েছে। এ দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজসংলগ্ন মাধপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, পাবনা থেকে ঢাকাগামী যাত্রীবাহী শাহজাদপুর ট্রাভেলসের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই একজন নিহত হন এবং বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। এর মধ্যে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান জানান, নিহতদের একজন শাহজাদপুর ট্রাভেলসের চালক এবং অন্যজন মাছরাঙা পরিবহনের হেলপার। দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যানজট সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।