• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় দুই লাখ টাকাসহ জামায়াত সমন্বয়ক আটক

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৭:৩০ অপরাহ্ণ
কুমিল্লায় দুই লাখ টাকাসহ জামায়াত সমন্বয়ক আটক
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন কুমিল্লার মুরাদনগরে নগদ দুই লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামে এক জামায়াত নেতাকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছালিয়াকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হাবীবুর রহমান হেলালী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি ব্যক্তিগত গাড়িতে করে ধামগড় এলাকা থেকে ছালিয়াকান্দিতে আসেন। তার চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা গাড়িতে তল্লাশি চালায়। এ সময় গাড়ির পেছনে রাখা একটি বাজারের ব্যাগ থেকে কম্বল দিয়ে মোড়ানো অবস্থায় এক হাজার টাকার নোটের দুটি বান্ডিল উদ্ধার করা হয়, যার মোট পরিমাণ দুই লাখ টাকা। পরে উপজেলা প্রশাসনকে জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল রহমান জানান, তাকে টাকা বিতরণের সময় হাতেনাতে আটক করা হয়নি; বিষয়টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিবেচনায় রয়েছে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, স্থানীয়রা তাকে আটক করে ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করলে পরবর্তীতে তাকে থানায় আনা হয়। পরবর্তী আইনগত সিদ্ধান্ত আদালতের নির্দেশনা অনুযায়ী জানা যাবে।