ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে ৩৮ হাজারের বেশি ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন। ‘হাঁস’ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুমিন ফারহানা বলেন, বিএনপি থেকে বহিষ্কারের পর এই বিজয়ের পথ তার জন্য সহজ ছিল না। তিনি দাবি করেন, তার চেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন তার নেতাকর্মীরা, যাদের অনেকে বহিষ্কৃত হয়েছেন এবং দীর্ঘদিন রাজনৈতিক চাপের মুখে ছিলেন। তিনি বলেন, নির্বাচনের দিনে বিভিন্ন কেন্দ্রে অনিয়মের চেষ্টা হয়েছে এবং জালিয়াপাড়া কেন্দ্রে নিজে গিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। সেখানে ভোট গণনা পুনরায় নিশ্চিত করার কথাও জানান তিনি।
প্রতিশ্রুতি রক্ষার প্রশ্নে রুমিন বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে এলাকায় টিকে থাকতে হলে তাকে কাজ করেই যেতে হবে। ‘হাঁস’ প্রতীক বেছে নেওয়ার কারণ হিসেবে তিনি জানান, ছোটবেলা থেকে হাঁস-মুরগি পালনের সঙ্গে তার ব্যক্তিগত স্মৃতি জড়িয়ে আছে। ব্রাহ্মণবাড়িয়ায় অবসর সময়ে এখনও তিনি হাঁস-মুরগির সঙ্গে সময় কাটান বলেও উল্লেখ করেন। বিএনপি তাকে দলে ফেরাতে চাইলে তার সঙ্গে বহিষ্কৃত নেতাকর্মীদেরও পুনর্বহাল করতে হবে বলে তিনি মন্তব্য করেন।