ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, জনগণের সুস্পষ্ট রায়ের মাধ্যমে আপনার নেতৃত্বে দল যে বিজয় অর্জন করেছে, তা দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও সাংবিধানিক প্রক্রিয়ার জন্য একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনে তারেক রহমান প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণের অঙ্গীকারকে সামনে রেখে দেশকে স্থিতিশীল ও উন্নয়নমুখী পথে এগিয়ে নেবেন। একই সঙ্গে তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের কথা স্মরণ করে বলেন, সেই রাজনৈতিক ঐতিহ্য আগামী পথচলায় অনুপ্রেরণা জোগাবে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা এবং কার্যকর কূটনৈতিক সম্পৃক্ততার ক্ষেত্রে সমন্বিত নেতৃত্বের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।
বার্তার শেষাংশে প্রধান উপদেষ্টা দেশের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নবনির্বাচিত নেতৃত্বের সাফল্য কামনা করেন এবং দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান।